কবিতা - রাশেদ আলম

খোলা চিঠি  
রাশেদ আলম
..........................................

তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে,কেমন আছো তুমি?
এখনো কি বালিশের পাশে খুঁজে ফেরো? তোমার কি ঘুম হয়, ঠিকমত?
আমার ময়না পাখীটা কেমন আছে? সে কি বাবাকে খুঁজে এখন? 
হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে কি তার হাতের মুঠোয় বাবার আঙ্গুলটা
মিস করে? ওকে বোলো বাবা সবসময় তার পাশে থাকবে।

কালরাতে তোমার খোঁচা খেয়ে ঘুম ভেঙ্গে গেল, পাশ ফিরে দেখি
তুমি নেই। আমার মেয়েটাকে খুঁজছিলাম না পেয়ে বাতি জ্বালিয়ে 
দেখি আমি অন্য কোথাও। তোমার কি মন খারাপ ছিল, খুব।
ঋতু বদলের মতো কেমন করে যেন সুখের সময়গুলো হারিয়ে যায়
হাসনুহেনা, গন্ধরাজ বা বকুলের সুভাষ এখন আমার ঘ্রাণেন্দ্রিয়ে
আসেনা। তোমার চুলের সুভাষ ছাড়া ঘুমটা কেমন যেন মৃত্যুর গন্ধ
নিয়ে আসে। এভাবে যদি কোন একদিন সত্যিই না জাগি তোমার
চুলগুলো আমার মুখের সামনে ধরে রেখো। আমি শেষবারের মতো
বুক ভরে শ্বাস নেব।

২টি মন্তব্য: