রাত-টুকরো
অমিতাভ দাশ
........................
#1#
এরকম অমোঘ সময়ে
এড়াতে পারিনা পারিনা
দেখে যাওয়া গহন আঁধারে
পুঞ্জীভূত নক্ষত্রপ্রতিমা...
দূরের আকাশে গিয়েও
করুণ তাকিয়ে থাকা থাকে
থাকে, সমুদ্র সরে গেলে
আধভেজা বালিতে
ঝিনুক...
#2#
তুমি কি পাও শুনতে?
পরিচ্ছন্ন বাতাসে অল্প অল্প চোখ বোজা
ঘন্টা, ঘন্টাধ্বনি...একটু সুদূর, তবে
খুব দূরে নয়...
আমারই শোনায় না হয় শোনো...
অস্তিত্বর জয়ঘোষনা এই...
চলে গেলেও
এক কবি,
উড়তে থাকবে কিছু প্রিয় পাতা...
ধ্বনিময় তার কবিতার...
#4#
কেমন সুন্দর করে বাজলে
ও চিঠি, ও পাখির গান!
এক মৃত্যু দূরত্বেই না হয় আছি...
তোমার আলো পেলাম...পেলাম গো
এবার সুরটি নাও আমার!
তোমার নিমন্ত্রণ রাত-শিউলি গাছের সাথে
জেগে থাকুক, হে মধুর, হে মাধুরিমা!
#5#
ধীরে ধীরে উন্মোচন করে তোমায় দেখি সবুজের নাচ
দুধে আলতায়; ধ্রুপদী অপেক্ষা থাকে আকুলতা এবং
আলোর আশ্চর্য মমতায়, এরকম সমারোহ কেমন অমেয়
সন্মোহনে নিজেকেই তুলে বলে 'নাও, গভীর রাতের এই গান!'
মধুর আলাপ এহেন জাগিয়ে তোলে ভালবাসার গল্প কবিতা অংকুর,
স্বপ্নালু চোখ ডুবুডুবু কী আবেশে...রাত দাউ দাউ করে
মশাল জ্বালায়.. নিরিবিলি জলে নগ্ন ঢেউ মাথা রাখে .তারপর
বুকে ঝংকৃত তৃপ্ত সন্ধ্যাস্নানে, পাখিডানা চোঁয়ানো জ্যোৎস্না
ঘিরে রাখে নরম চাদরে চুপ রূপকথা...
#6#
অতীত, সন্ধ্যা রাত্রি জুড়ে
স্মৃতির সামগ্রী সাজিয়ে রেখেছে ফুটপাথে ফুটপাথে
কিছু রাস্তায় রাস্তায়, ট্যাক্সির জানালায়, আকাডেমি
নন্দন চত্বরে, তাদেরকে এড়াতে পারি না পারি না
কিছুতেই, বরং কুড়াতে কুড়াতে কুড়াতে ক্লান্ত সাঁঝ...
মুঠো খুললেই নেই! এরকম ব্রজে অগোছাল ব্যথা
ছড়ায় ছড়ায় কলকাতার ত্রিদীপ...পানশে নিঅন আলো
ছদ্ম জোৎস্না সেজে বলে মোহর উদ্যানে
ফোয়ারার আলো শ্রাবণ আনছে আজ জানো?
এই শীতে অঝোর ধারায়? করতলে স্পর্শ রয়ে গেছে,
স্মৃতির নরম ছোঁয়া কী গভীর বিষাদে বলে আয়,
আরেকবার ছুঁই আয়, বনজ্যোৎস্না তোকে!
#7#
একটা মাত্রাহীন দূরে চলে গেলে
আর যে যায় না ফেরা!
এমন ঝাপসা ঝাপসা দূর
খুঁজে পাওয়া যায় না
যায় না পাওয়া খুঁজে
বাতিঘর...
নামবিহীন মরু এবং উদগ্রীব চোরাবালি
সাগ্রহে চুরি করে নেয়
লালটিপ,
হাসিভরা চাউনি,
গালের টোল,
আর একটু কাঁপা ঠোঁটে
দুরন্ত চুম্বনগুলো...
বাতিঘর...
দেবে আলো মোহানায়?
====================
বাহ অমিতাভ দা, সবগুলো লেখাই সুন্দর।
উত্তরমুছুনআলাদা নয় আবার আলাদা.... চমত্কার একটা গতি নিয়ে এগিছে। চমত্কার.......
উত্তরমুছুনbah darun lekha !!
উত্তরমুছুনবরাবরের মত সুন্দর তিনটি কবিতা পড়লাম দাদা। বেশ ভালো লাগলো।
উত্তরমুছুন