কবিতা - বৈজান্তা রাহা



চুপচাপ শব্দেরা ঝরে

আজ সকাল থেকেই স্মৃতির পাহাড়ের উপর
কেমন ভেজা ভেজা মেঘ জমেছে,
চারপাশে কেমন ফোঁটা ফোঁটা আলো
যেন পাহাড় আলখাল্লা পড়েছে...
এসব দিনে তোমার মৌনতাই অপরকে মুখর করে তোলে,
আসলে বলতে বলতে কোথায় থামবে, তা যদি জান
অন্যে তার নৈঃশব্দ ভাঙ্গে।
আমার কথাগুলো যদি তোমার মুখ থেকে শুনতে চাইতাম--
শুনতেও তো অনেক সময় ভাল লাগে,
অবশ্য চিঠির উত্তর কখনও কখনও না পেলেই ভাল
অনেক উত্তর একসঙ্গে আসে--
অনেকেই সেটা বোঝে না ।

আজ সকাল থেকেই বাড়ীটাও কেমন চুপচাপ
দেওয়ালগুলো তোমার ঘরকন্নার ছবি টাঙ্গিয়ে রেখেছে
রান্নাঘরে, শোবারঘরে, তোমার ফেলে রাখা বাসস্থালী--
সকালের আলতো আলো তাদের গালে এসে চুমু খাচ্ছে-
এমন দিনে কথা বলতে ইচ্ছে করে না,
স্মৃতির ভাঁজে ভাঁজে কেমন সমুদ্রের নোনা হাওয়া
বালির বাড়ী ভাঙ্গে আর গড়ে,
তুমি চুপটি করে বসে থাক, আঙ্গুলে আঁচল জড়াও
কপালের সিঁদুর বালিশে, নাকে--এখানে ওখানে-
সময়ের তাল কেটে সকলে কোলাহল জোড়ে-
আমার নৈঃশব্দের ফাঁকে ফাঁকে আনাচে-কানাচে
ঢুকে পড়ে,
শব্দবিহীন সকালখানা এদিক ওদিক পাখীর ডানায় উড়তে থাকে।

অনেকক্ষণ চুপ করে থাকার পর
কোন কোন দিন, তুমি যখন দুএকটা কথা বল
চারপাশে জমে ওঠা জগৎটা
কাঁচের আয়নার মত ঝন্‌ঝন্‌ করে ভেঙ্গে পড়ে
তখন বুঝি ঐ শব্দহীনতা কতটা জোরালো ছিল।
কোন কোন সময় চুপ করে থাকলেই
সব শব্দ শোনা যায়।

আজ সেই তখন থেকেই-সকালটা এইসব বলে যাচ্ছে--একলা একলা।

1 টি মন্তব্য: