কবিতা - হাসান মসফিক


দূরের হিমগুলো


জেনে রেখো , আমারও একদিন কলাপাতায় মোড়ানো জীবন ছিল
বাড়ির পেছনে শর্ষে খেত , নামলেই নুয়ে এসে আমাকে নিত
যতদূর যাই বিছিয়ে রাখত আঁচলে আঁচল, শীত দুপুরে কোনোদিন
একলা থাকিনি, মাটিও মিশে থাকতো সারা গায় জবুথবু সিথানে
কেও একজন খই ভেজে রাখতো নুন ছিটিয়ে, এমনি তো ছিল
বরষা থেকে আসা শরতের দিনগুলো হেঁটে আসতো পায়ে পায়
ফুরাতোনা আমার আগে বিহানের কোন বেলা দেরি করে গেলে
আমাদেরও পাড়ায় আযান হতো মধুর স্বরে তারপর টুপ করে
নামতো সন্ধ্যা, এমনি বলে কয়ে বারান্দা মাড়িয়ে ফেরি করে
গাড়ি গুলো এসে দিয়ে যেত হিম আরও কিছু পরে, জেনো
আমারও একদিন ফেরিওয়ালা ছিল, নিজস্ব একদম নিজস্বর মতো
হিসেবের জিনিস দিয়ে যেতো কোলাজের উপর ঝুপ করে, জেনো

একদিন আমারও ভেতরে জীবনে জীবন মিশে ছিল একাকার করে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন