কবিতা - জেসিকা ইরফান


আমি কাউকে অভিশাপ দেই না
জেসিকা ইরফান 
...................................................

বিশ্বাস করো আমি কাউকে অভিশাপ দেই না
পৃথিবীর আদিম পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বলছি
কাউকে না

হে কোজাগর ,তোমাকেও না ।

সব ভুল আমার একার আমার, শীতলতার মতো শীর্ণ ।
আমি কেন দেখি না চারপাশের বিস্তীর্ণ লোকালয়
কোলাহল । ধর্মগ্রন্থ ।
কেন বর্ণমালার মতো পড়িনি আরো বেশি সহিষ্ণু হতে
মাটির মতো ।
কেন বুঝি না বেঁচে থাকতে গেলে অবহেলা জানতে হয় ।

দুঃখের অক্সিজেন ছুঁড়ে দিয়ে চলে যায় যারা
কেন চিনে নিলাম না তাদের অবয়ব ?

দীর্ঘ উজান পাড়ি দিয়ে
কষ্টে কষ্টে দুটো পা আজ পাথর
মরুর ক্যাকটাসের মতো ফোস্কা পরে আছে ।

যে নীল প্রজাপতিটা চন্দন ঘ্রানে এসে ঢুকেছিল বুকে
মেখেছিলো রেনু রঙ

কখন মরে গেলো সে ?

হৃদয়ের অলিন্দে রক্তের ছোটাছুটি বন্ধ হয়ে গেছে বহুদিন
শুধু বিষণ্ণ স্মৃতিরা বয়ে যায় শিরায় শিরায়
শরীরের প্রতিটা নিওরনে

সে এক বিষণ্ণতার প্রবাহ নিয়ে বেঁচে থাকি
সুরের ছায়ায়
দিনরাত্রির রৌদ্র ছায়ায়

বলো আমি কি বেঁচে আছি ?

২টি মন্তব্য:

  1. যে নীল প্রজাপতিটা চন্দন ঘ্রানে এসে ঢুকেছিল বুকে
    মেখেছিলো রেনু রঙ
    কখন মরে গেলো সে ?

    উত্তরমুছুন
  2. উফফফ দুর্দান্ত!!!! হৃদয় ছুঁয়ে গেল কবিতাটা। খুব খুব খুব ভালো লেগেছে।

    উত্তরমুছুন